বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে। তবে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে তিনি স্পষ্ট জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই। তার সব মনোযোগ এখন সন্তানদের প্রতি। খবর: বলিউড হাঙ্গামা।
স্বামী মাইকেল ডোলানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইলিয়ানা দুই সন্তানের মা। ২০২৩ সালের ১ আগস্ট তিনি প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানকে এবং চলতি বছরের ১৯ জুন দ্বিতীয় ছেলে কিয়ানু রাফে ডোলানকে পৃথিবীতে স্বাগত জানান।
আলোচনায় তিনি স্বীকার করেন, মাতৃত্ব জীবনে যেমন আনন্দ এনেছে, তেমনি এনেছে চ্যালেঞ্জও। ইলিয়ানার ভাষায়, সন্তান জন্মের পর অনেক সময় মনে হতো তিনি যথেষ্ট ভালো মা নন। এমনকি ভেঙে পড়ার মুহূর্তও এসেছে বারবার। তবে পরে তিনি বুঝেছেন, এ ধরনের অনুভূতি আসা স্বাভাবিক এবং মাতৃত্বের যাত্রারই অংশ।
ভক্তরা তার পর্দায় ফেরা নিয়ে অধীর হলেও ইলিয়ানা জানিয়েছেন, আপাতত তিনি সন্তানের লালন-পালনকেই জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তাই চলচ্চিত্রে ফেরার জন্য তাড়াহুড়ো করতে চাইছেন না।