বাংলাদেশের রকসংগীতের কিংবদন্তি শিল্পী জেমস ফের বিয়ে করেছেন এবং হয়েছেন পুত্র সন্তানের বাবা। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। চলতি বছরের জুনে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান, নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বুধবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম এবং অবশেষে বিয়ে। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জিবরান। সন্তান জন্মের সময় জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে নবজাতকসহ দেশে ফেরেন তারা।
বাবা হওয়ার অনুভূতি নিয়ে জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”
নতুন জীবন নিয়ে তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে—আমাকে প্রার্থনায় রাখবেন।”
জেমসের ব্যক্তিজীবনে এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, যাকে তিনি ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় থেকে প্রেম এবং বিয়ে, যা ২০১৪ সালে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদে গড়ায়। প্রথম সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যাসন্তান এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।