চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে ভিত্তিহীন, তা ইতোমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, প্রশ্ন ফাঁসের নামে যে প্রচারণা চালানো হচ্ছে তা স্রেফ গুজব এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো ধরনের ফ্যাক্টচেক না করেই এই বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য দিয়েছে, যা শুধু নিন্দনীয় নয় বরং অত্যন্ত হতাশাজনক।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল হিসেবে এনসিপির কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। কিন্তু যাচাই-বাছাই ছাড়াই এমন বক্তব্য দেওয়া জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির প্রচারণা চালিয়ে প্রতারণা করে আসছিল। তাদের ফাঁদে পড়ে অনেকেই প্রশ্নপত্র কেনার নামে অর্থ দিয়েছেন এবং চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়।
ঘটনাটি সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করেছে এবং প্রতারণা চক্রের কার্যক্রম তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।