জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যের এই কমিটিতে সভাপতি হয়েছেন আগের আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ফরহাদ সোহেল।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সমন্বয় সভায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সদস্যদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে গত বছরের ১৬ মে জাতীয় যুবশক্তি আত্মপ্রকাশ করে। তখন তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল। সম্প্রতি রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের পর জাহেদুল ইসলাম সদস্যসচিব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যার পরিপ্রেক্ষিতে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি আবারও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।