বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন জেলা ও ইউনিটে পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে এবং এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি করা হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।