মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে বিনোদনজগতে পথচলা শুরু করেন। র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রুপালি পর্দায় ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা।
নতুন বছরের শুরুতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে আবেগঘন একটি বার্তা শেয়ার করেছেন জান্নাতুল পিয়া। ফেলে আসা বছরের নানা ঘটনা, সাফল্য ও বেদনাবিধুর স্মৃতি তুলে ধরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে পিয়া লেখেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বিদায়ী বছরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ভাষায়, গত বছরটি ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা, যেখানে বাবার মৃত্যু ছিল তার জীবনের সবচেয়ে বড় শোকের ঘটনা।
তবে দুঃখের মাঝেও কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ করে পিয়া বলেন, আলহামদুলিল্লাহ, সবকিছুর পরও তারা কৃতজ্ঞ থাকতে পেরেছেন। কারণ সন্তান, নিজেদের এবং চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু ভালো কাজ করার সুযোগ পেয়েছেন তারা। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে নতুন বছরের পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে পিয়া জান্নাতুল লেখেন, তাদের জন্য দোয়া করার অনুরোধ।
উল্লেখ্য, শোবিজ অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত জান্নাতুল পিয়া। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি পেশাগতভাবে কাজ করেছেন।