ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা বাজার এলাকায় সরকারি খালের উপর পাকা দেয়াল তুলে স্থায়ীভাবে ঘর নির্মাণ করছে মোঃ কামাল হোসেন দুলাল (পিতা: মৃত আজাহার আলী ডাকুয়া)। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে আসা এই দুলাল এবার প্রকাশ্যে সরকারি খাল দখল করে স্থায়ী স্থাপনা তুললেও প্রশাসন রহস্যজনক নীরব ভূমিকা পালন করছে।

স্থানীয়দের অভিযোগ, খালের উপর এভাবে দেয়াল তুলে স্থায়ী নির্মাণ কাজ চলতে থাকলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং এলাকাবাসী জলাবদ্ধতার শিকার হবে। খাল দখলমুক্ত করতে একাধিকবার সাধারণ মানুষ প্রতিবাদ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে মোঃ কামাল হোসেন দুলালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার নিজের জায়গায় ঘর তুলতেছি, সরকারি খালের জায়গায় ঘর তুলতেছি না। আমি সরকারি খালের জায়গা ছেড়ে তারপরে ঘর তুলতেছি বা তুলবো।”
এলাকাবাসী আরও জানান, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দুলাল বছরের পর বছর এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ তুললেও প্রশাসন রাজনৈতিক চাপে নিরব থাকে।
প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, ক্ষমতাশালী ব্যক্তিরা যখন সরকারি খাল ও জলাশয় দখল করে ফেলে তখন প্রশাসন চোখ বন্ধ করে রাখে। অথচ সাধারণ মানুষ ক্ষুদ্র কোনো কাজ করলেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হয়।
এলাকাবাসীর দাবি—দক্ষিণ পিপলিতা বাজারের সরকারি খাল দখলদারদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং অবৈধ স্থাপনা ভেঙে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় গণঅসন্তোষ সৃষ্টি হতে পারে।