1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশজুড়ে দোয়া ও প্রার্থনা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশজুড়ে দোয়া ও প্রার্থনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশজুড়ে দোয়া ও প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ব্যাপকভাবে অবনতি ঘটেছে। গত দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর দেশের সর্বত্র মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি এবং সাধারণ মানুষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, চিকিৎসকদের ভাষ্যমতে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। জীবনের বহু সময় কারাবরণ ও নির্যাতন সহ্য করে তিনি জনগণের অধিকার রক্ষায় লড়াই করেছেন। এখন তিনি গুরুতর অসুস্থ, তাই দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁর বক্তব্যে চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করার কথা উল্লেখ করা হলে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ও হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত গভীর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা গভীর রাত পর্যন্ত থেকে চিকিৎসার খোঁজখবর নেন। তারা জানিয়েছেন, মেডিক্যাল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে। ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে সরাসরি কারও প্রবেশের অনুমতি নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবস্থা এখনো উন্নতির দিকে নয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত ১১টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত রবিবার শ্বাসকষ্ট বাড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং হার্ট ও ফুসফুসে নতুন করে ইনফেকশন ধরা পড়ে। এ অবস্থায় তাঁর স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক অঙ্গনের অনেকেই।

এর আগে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে কিছুদিন সুস্থ থাকলেও সম্প্রতি আবার অসুস্থতা বাড়ে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগের মতো এবারও খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park