ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলটির নির্বাচনী পরিকল্পনা, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং কার্যক্রম এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা পরিচালনার লক্ষ্যে এই কমিটি নতুনভাবে সাজানো হয়।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতিতে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখতেই এই পুনর্গঠন।
এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। সে সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়। তবে পরবর্তীতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেন।
এদিকে, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর গত ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিনই তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশনা আসে। তারই ধারাবাহিকতায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হলো।
পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।