জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে দলীয়করণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার বিকেলে রাজধানীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় এনসিপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক লেগেসি থেকে নির্বাচনকে বিচ্ছিন্ন করে এটিকে কেবল ক্ষমতা পরিবর্তনের সাধারণ নির্বাচনে পরিণত করেছে। এর ফলে দেশের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
তার অভিযোগ, সংবিধানসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
এনসিপির আহ্বায়ক জানান, সারা দেশ থেকে দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এনসিপি একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে চায়, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য দূরীকরণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।