যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগের দিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে এবং তেলের দামে দেখা গেছে নিম্নগতি।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৪ ডলারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে নেমেছে ৮৮ দশমিক ৫০ ডলারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে শুধু তেলের বাজার নয়, এশিয়ার শেয়ারবাজারেও মঙ্গলবার কিছুটা চাঞ্চল্য দেখা গেছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি মন্দার দ্বারপ্রান্তে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
তবে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় সেই উদ্বেগ কিছুটা হলেও কমতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।