শাহবাগে ‘জুলাইযোদ্ধা’ ও এসডিএএফের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুব সংগঠন এসডিএএফের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও তার স্বামী মোমেন মেহেদীসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন—সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল (৪০) ও হরি সরকার (৩৬)।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে শান্তা ফারজানা ও মোমেন মেহেদীর পক্ষে একাধিক আইনজীবী থাকায় ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সিদ্ধান্তের পর তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালতকে জানানো হয়। আসামিদের বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন না থাকায় তাদের মূল এজলাসে তোলা হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে প্রেস ক্লাবের সামনে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন।
মামলায় আনা অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।