সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর উদ্যোগ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর উদ্যোগ



সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনরায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের প্রস্তাবনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি বিবেচনায় রয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিটি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কমিটির প্রধান অগ্রাধিকার ‘জুলাই জাতীয় সনদ’। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে জনগণের ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও বিবেচনা করা হবে।


তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিসংক্রান্ত ৮ অনুচ্ছেদে যুক্ত হওয়া ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ, তফসিল এবং জুলাই জাতীয় সনদ নিয়ে সম্পাদক ও সাংবাদিকেরা বিস্তারিত মতামত দিয়েছেন। তাঁদের অনেকে লিখিত প্রস্তাবও জমা দেবেন। এসব মতামত ও আলোচনা প্রতিবেদন এবং পুস্তিকা আকারে সংরক্ষণ করা হবে।


সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলগুলোর অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সম্পাদকদের অনেকেই বিরোধী দলের সদস্যদের কমিটিতে যুক্ত করার পরামর্শ দিয়েছেন। কমিটিও এ বিষয়ে একমত। বিরোধী দলগুলোকে আগেও আহ্বান জানানো হয়েছে, এখনো জানানো হচ্ছে। তারা যোগ দিলে স্বাগত জানানো হবে।


গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির সম্মতির আগে গণভোটের প্রয়োজন হবে।


তিনি জানান, সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার পর গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।


তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যেন সহজে এ ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধনে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বিএনপি।


সংবিধান সংশোধনের সময়সূচি সম্পর্কে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংশোধনী বিল প্রস্তুত করবে। আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপিত হতে পারে।


বিল নিয়ে সংসদে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর তা পাস হলে গণভোটের মাধ্যমে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তিনি।


মতবিনিময় শেষে বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধনের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য