বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাবন্দি অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করছে।