নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে রাতে বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে নেওয়ার মাধ্যমে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে দুদক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত বলে তিনি উল্লেখ করেন।
আসিফ মাহমুদ দুদকের কাছে অভিযোগের প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।
তবে রাতে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।