মাছ চাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪০
মাছ চাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী


মাছ চাষিদের খুব শিগগির ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে সারা দেশে প্রায় ১৬ লাখ নারীসহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল।


তিনি বলেন, পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ নেওয়া হলে মৎস্য খাতে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।


প্রধানমন্ত্রী আরও বলেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।


দেশের মৎস্যসম্পদ আরও বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে সারা দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


একই সঙ্গে জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।


মাছ চাষিদের ‘কৃষি কার্ড’-এর আওতায় আনার উদ্যোগ বাস্তবায়িত হলে মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষের জন্য সরকারি সহায়তা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য