জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকায় মো. নাজমুল (২৫) হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান সরকার আদালতে আবেদন করে জানান, তদন্তে অজয় কর খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, অজয় কর খোকনের আইনজীবী ওবায়দুল ইসলাম আদালতে গ্রেপ্তারের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ইতোমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর বিষয়ে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তিনি দাবি করেন, ওই নির্দেশ অমান্য করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা সংবিধান ও আইনের পরিপন্থী।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ধানমণ্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ধানমণ্ডি হকার্স মার্কেটসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন নাজমুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ভুক্তভোগীর এক সহকর্মী মোহাম্মদপুর থানায় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের আবেদনে বলা হয়, তদন্তে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণে অজয় কর খোকনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়।