গণতন্ত্রে সংবাদমাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে: তথ্যমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০
গণতন্ত্রে সংবাদমাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে: তথ্যমন্ত্রী



নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না, তবে এর মাধ্যমে কাজকে আইনের আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিক দায়িত্বও বিবেচনায় রাখতে হবে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, আংশিক সত্যের ওপর ভিত্তি করে প্রকাশিত কোনো সংবাদ যেন কারও ক্ষতির কারণ না হয়, আবার অযথা কারও অতিরিক্ত প্রশংসাও যেন না করা হয়। গণতন্ত্রে সংবাদমাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে।


তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম অনেকটাই স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকরা নিজেদের মতো করে কাজ করবেন। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের দায়িত্ব হলো সরকারের কাজ ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, তা তুলে ধরা।


আন্দালিভ রহমান পার্থ বলেন, সংবাদ প্রকাশের সময় খেয়াল রাখতে হবে, কোনো প্রতিবেদন যেন কারও জীবন, ক্যারিয়ার বা মান-সম্মানের অযাচিত ক্ষতি না করে। এটি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।


তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের ওপর তিনি কখনো হস্তক্ষেপ করেননি। নিজের পক্ষে সংবাদ প্রকাশ না করায় কোনো সাংবাদিকের চাকরি নষ্ট করার মতো চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।


সাইবার বুলিং প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি বর্তমানে একটি বড় ইস্যু। সাইবার মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে সঠিক সংবাদ নিয়েও মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। একটি সত্য সংবাদ প্রকাশের পরও অনেকে সেটিকে ভুয়া সংবাদ মনে করছেন।


সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা করতে হবে এবং কোথায় কাজ ঠিকমতো হচ্ছে না, তা তুলে ধরতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ড সততার সঙ্গে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়েও সংবাদমাধ্যমকে নজর রাখতে হবে।


তিনি বলেন, সরকারের কার্যক্রম নিয়ে সংবাদ করার উদ্দেশ্য হওয়া উচিত সঠিকভাবে কাজ করতে সহায়তা করা। তবে কোনো ব্যক্তিগত রাগ, ক্ষোভ বা অপছন্দের কারণে যেন সংবাদ প্রকাশ না হয় এবং প্রতিবেদনে কোনো ধরনের দূষিত উদ্দেশ্য না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।


ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর জেলার পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন ও প্রবীণ সাংবাদিক এম এ তাহেরসহ অনেকে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য