বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গণপরিবহনে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীতে পিংক রঙের এই বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে।
এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
বিআরটিসির পক্ষ থেকে আশা করা হচ্ছে, নারীদের পরিচালনায় এই বিশেষ বাস সার্ভিস রাজধানীতে নারী যাত্রীদের জন্য গণপরিবহনে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি করবে।