ফ্যাসিস্ট আমলের কারাবাসের স্মৃতিচারণ করে জবি ছাত্রদল নেতা রুমির আবেগঘন বার্তা

দে
জবি প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:০৫
ফ্যাসিস্ট আমলের কারাবাসের স্মৃতিচারণ করে জবি ছাত্রদল নেতা রুমির আবেগঘন বার্তা

২০১৪ সালের ৩ অক্টোবর গ্রেপ্তার হয়ে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে যাওয়ার স্মৃতি স্মরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি। দীর্ঘ কারাবাসের সেই সময়কে নিজের রাজনৈতিক জীবনের কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও নিজের রাজনৈতিক আদর্শ ও কমিটমেন্ট থেকে সরে যাননি। তিনি বলেন, "আজকের এই দিনে ৬ বার গ্রেফতারের মধ্যে ২য় বার গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম।"


শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।


পোস্টে রুমি বলেন, ‘০৩ অক্টোবর ২০১৪ইং একটি দিন, যা আজও ভুলতে পারিনি।’ ওই দিন গ্রেপ্তার হয়ে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে যেতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের দীর্ঘ ও দুঃসহ স্মৃতি এখনো মনে পড়লে তার বুক ভার হয়ে আসে।


তিনি আরও বলেন, শত অত্যাচার-নির্যাতন, ভয় ও প্রতিকূলতার মধ্যেও দেশ, দলের আদর্শ ও রাজনৈতিক কমিটমেন্ট থেকে তিনি একচুলও সরে আসেননি।


কারাগার থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে রাজপথে ফিরে অন্যায়ের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আপসহীনভাবে সোচ্চার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


কারাবন্দি অবস্থার স্মৃতিচারণ করে ওই নেতা বলেন, কঠিন সময়ে অনেকবার মনে হয়েছে কখন এই সময় শেষ হবে। তখন প্রিয়জন ও রাজপথের সহযোদ্ধাদের কথা মনে পড়লেও সবচেয়ে বেশি মনে পড়েছে নিজের বিশ্বাস, আদর্শ এবং যে পথকে সত্য মনে করে রাজনীতিতে এসেছিলেন, সেই পথের কথা।


তিনি দাবি করেন, ব্যক্তিগত কষ্ট ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের বিশ্বাস থেকে কখনো সরে যাননি। বরং কারাগারের অন্ধকার তাকে আরও দৃঢ় করেছে এবং নিজের অবস্থান, আদর্শ ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি আস্থা বাড়িয়েছে।


নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারের সেই দিনগুলোকে শুধু কারাবাসের স্মৃতি হিসেবে দেখেন না উল্লেখ করে তিনি বলেন, এটি তার রাজনৈতিক জীবনের একটি কঠিন পরীক্ষা। সেই পরীক্ষা তাকে আরও দৃঢ় ও প্রত্যয়ী করে রাজপথে ফিরিয়ে এনেছে।


পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আমাদের মতো হাজার হাজার কর্মীর শ্রম, ঘাম, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।’

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য