দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এ আলোচনা অব্যাহত থাকবে।


তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা প্রয়োজন। এ ক্ষেত্রে দুই দেশের সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়টি গুরুত্ব পেতে পারে।


ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।


দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ কীভাবে পরস্পরের সঙ্গে কাজ করতে পারে এবং জনগণের মধ্যে সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা চলবে, আর এটিই গণতন্ত্রের অংশ।


এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন ভারতের হাইকমিশনার। তাকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও ভালো ফুটবলার বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে স্পিকারের কার্যালয়ে হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।


বৈঠকে স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় বিভিন্ন টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে এবং সময়ের প্রেক্ষাপটে এ সম্পর্কের বিভিন্ন পরিবর্তন হয়েছে।


তিনি অভিযোগ করেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল। এখন দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি করা উচিত।


পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে।


বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য