সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা গেছে, দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরেছেন।
গত ১১ মার্চ ইফতারির সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।
পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।