বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি


সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।


বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ই-মেইলের মাধ্যমে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছে বেনজীরের অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।


দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন—গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর তার অবস্থান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, বেনজীরের অবস্থান জানতে বুধবার ইন্টারপোলকে ই-মেইল করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।


গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। তার কাছে দেশটির পাসপোর্ট রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি হয়। পরে আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দেন।


জামিন পাওয়ার পর বেনজীর দুবাই থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় তিনি সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।


বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হতে ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য