জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের বহুল আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে পুলিশকে এক নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তুলে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ প্রায় ১০ বছর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী ও সাজাপ্রাপ্ত আসামিরা সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।