গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
আবু সাঈদের আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার মধ্যে আন্দোলনের প্রেরণা তৈরি করেছিল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, তার আত্মত্যাগের পর সারা দেশের বিপুলসংখ্যক মানুষ রাজপথে নেমে এসেছিল। ঘটনাটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
প্রতিমন্ত্রী জানান, আবু সাঈদের বাড়ির উন্নয়ন এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য ঘোষিত এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নকশা তৈরির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে আবু সাঈদের ভূমিকা ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার কাজ করতে চায়।
এ সময় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রংপুর স্টেডিয়াম আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ রাখা হয়েছে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।