২০২৬ সাল চললেও এরই মধ্যে আগামী বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে মুসলিমদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে হিজরি ১৪৪৮ সনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্য অনুযায়ীও ৮ ফেব্রুয়ারিকে আরব দেশগুলোতে রমজানের প্রথম দিন হিসেবে সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার সম্ভাব্য পর্যবেক্ষণ হবে। তবে হিসাব অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র সিয়াম সাধনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রমজান মাস শেষে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৮ মার্চ সোমবার রমজান মাস শেষ হতে পারে।
সে হিসাবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদের তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি ক্যালেন্ডারের মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব কেবল সম্ভাব্য তারিখ নির্দেশ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরের দিন বাংলাদেশে রমজান বা ঈদ উদযাপিত হয়ে থাকে। তাই বাংলাদেশে ২০২৭ সালের রমজান ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণের ক্ষেত্রে দেশের নিজস্ব চাঁদ দেখার সিদ্ধান্তই কার্যকর হবে।