বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট ও মূল্যচাপের জন্য সাবেক আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, চুরি ও অর্থপাচারকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি দাবি করেন, আগের সরকারের অনিয়মের প্রভাব এখনো দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে বহন করতে হচ্ছে।
শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের সময়ে সংঘটিত দুর্নীতি ও অর্থপাচারের কারণে বর্তমান সরকারও চাপের মধ্যে রয়েছে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসা সহজ নয় এবং এ প্রক্রিয়ায় সময় লাগবে। সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা।
প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের অনুরোধে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
তিনি জানান, একইভাবে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের স্বার্থে ডিজেলের দাম দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়নি। এতে পরিবহন ও কৃষি খাতের ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ খাতকে অতিমাত্রায় আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।