বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে কোস্ট গার্ডের আওতাধীন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পুশ ইনসহ যেকোনো ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষ করে সুন্দরবন-সংলগ্ন অঞ্চল এবং অন্যান্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে, পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশসংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর জন্য দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।