ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের জন্য আনুষ্ঠানিক কোনো নির্ধারিত আলোচ্যসূচি না থাকলেও বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার দিকেও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা সফরের তৃতীয় দিন শনিবার (৬ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও তার আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সরকারি সফর। এই সফরকে ঢাকা-আঙ্কারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।