বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী কমিশনাররা হলেন মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর এবং ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করা হবে। রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথা জানান। সেই ঘোষণার দুই দিনের মাথায় চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল।
বিএসইসির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানান।
চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের খবর প্রকাশের পর বিনিয়োগকারী এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে পুঁজিবাজারে আস্থা পুনরুদ্ধার ও সংস্কারের নতুন সুযোগ হিসেবে দেখছেন।