নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া মন্ডল বাড়ির নিষ্কণ্টক কবর স্থানের জমি নিয়ে প্রতিপক্ষের পাশাপাশি ইউপি সদস্য আহাদ আলীর মিথ্যা বক্তব্যে দিয়ে সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মাগুড়া মন্ডল বাড়িতে ভুক্তভোগী আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল তার উঠোন বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি এসময় অভিযোগ করে বলেন,কিছু দিন আগে আমার বসতভিটা ও কবর স্থানের ৪শতাংশ নিষ্কণ্টক জমি নিয়ে প্রতিপক্ষ ইয়াকুব আলীর ছেলে স্বাধীন হোসেন,শাহিন হোসেন গংদের সাথে বিরোধ বাঁধে। পরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (আমিন) ও স্থানীয় কয়েকজন আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি পরিমাপ করা হয়।
যা পরিমাপে উভয় দাগে ৪ শতাংশের মধ্যে ৩.৫২শতাংশ জমি পাওয়া যায়।এর মধ্যে অর্ধ শতাংশ জমি রাস্তায় চলে যায়। অথচ আমার প্রতিপক্ষসহ ইউপি সদস্য আহাদ আলী পক্ষ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সামনে বলেন, রফিকুল ইসলাম মন্ডল কবরস্থানের ২শতাংশ জমি বসতভিটায় ভোগদখল করে আসছেন। আমার বিরুদ্ধে এহেন মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশন করায় আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ ব্যাপারে ইউপি সদস্য আহাদ আলীর সাথে কথা হলে তিনি বসতভিটার মধ্য অর্ধ শতাংশ জমি ভোগদখলের কথা জানান। জমি পরিমাপের সময় উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি ওই সময় উপস্থিত ছিলাম না। উপস্থিত না থেকে কেন আপনি মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ রকম বক্তব্য দিলেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করে না পাওয়ায় তাদের এ ব্যাপারে কোন মন্তব্য জানা যায়নি।