কৃষিকে দেশের অর্থনীতির প্রধান ভিত্তি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিনি জানান, প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দিতে কৃষি কার্ড কার্যক্রম আরও জোরদার করা হবে। এর মাধ্যমে বীজ, সার, সেচ ও বিভিন্ন প্রণোদনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলার কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় অন্তরায়। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।
আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখনো দেশের অনেক কৃষক প্রচলিত ও শ্রমনির্ভর পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সহজলভ্য করা গেলে শ্রম ও সময় সাশ্রয় হবে এবং উৎপাদন আরও দক্ষ ও লাভজনক হবে। পাশাপাশি সঠিক চাষাবাদ পদ্ধতি, সেচ ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিক অর্থনীতি আরও স্থিতিশীল ভিত্তি পাবে।