নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত তনিমা জামান তন্বী’র সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফ হাসান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, উপজেলা রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের নির্মমভাবে হত্যা করে। যা ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করার একটি যুগান্তকারী পরিকল্পনা।
বক্তাগণ আরো বলেন বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র গড়ে তুলতে বর্তমান প্রজন্মের বুদ্ধিজীবীদের সম্মান, শ্রদ্ধা জানাতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে জাতীয় সংসদে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এছাড়াও বক্তাগন বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধার চিত্তে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভিডব্লিউবি’র প্রশিক্ষক রায়হানুল ইসলাম রায়হান।