দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এমন সময় ঘোষণা করা উচিত, যখন সব দল প্রস্তুতি নিতে পারে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এই আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে এনসিপির দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বহু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে তাদের দল নির্বাচনী প্রতীক পেয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি আসন্ন নির্বাচনে অংশ নেবে বলেও তিনি জানান।
নাহিদ ইসলাম বলেন, প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। তবে একটি বিশেষ দল ‘এক মার্কায় নির্বাচন’ চাপে বাস্তবায়নের চেষ্টা করছে এবং আদালতকে ব্যবহার করে সেই সংস্কার প্রস্তাব বাতিলের উদ্যোগ চলছে। এ বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানায় এনসিপি।
তিনি আরও বলেন, নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব উদ্বেগজনক। প্রার্থীদের হলফনামার তথ্য কঠোরভাবে যাচাই-বাছাই এবং নির্বাচনী ব্যয়ে অনিয়ম রোধে কঠোর নজরদারির অনুরোধ জানানো হয়েছে। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি জানিয়েছে দলটি।
এ সময় নাহিদ ইসলাম ডিসি-এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে বলেন, এই প্রভাব নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গণভোট ইস্যুতে তিনি বলেন, গণভোটের প্রশ্ন ও ব্যাখ্যা যথাযথভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। একই সঙ্গে নির্বাচন ঘিরে অপতথ্য, বিভ্রান্তি ও ভুল তথ্য রোধে কমিশনকে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।