দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিরুদ্ধে এবার বড় শাস্তি এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি বছরের ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তখন তাঁর কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বাট উদ্ধার হয়। পরবর্তীতে তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার সোনার গয়না ও ২.৬৭ কোটি টাকার নগদ অর্থ পাওয়া যায়। এসবের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে সোনা পাচারের মামলা দায়ের হয়।
মার্চে গ্রেপ্তার হলেও দুই মাস পর জামিনে মুক্তি পান রান্যা রাও। তবে মামলা চলমান ছিল। সেই মামলার রায়ে এবার এ বিপুল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।
শুধু রান্যা রাও নন, একই মামলায় আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। তরুণ কন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে আলাদাভাবে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে চারজনের ওপর প্রায় ২৭০ কোটি টাকার ফাইন বসিয়েছে ডিআরআই।
জনপ্রিয় এই কন্নড় অভিনেত্রী ভারতের সিনিয়র আইপিএস কর্মকর্তা রামচন্দ্র রাওয়ের মেয়ে। ২০১৪ সালে সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি খ্যাতি পান রান্যা রাও। এরপর আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন তিনি।