৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি না করায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষা বয়কটের ঘোষণা আসে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার দুই মাসেরও কম সময় নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
আন্দোলনের নেতারা বলেন, “৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আমরা বর্জন করলাম। কতজন পরীক্ষার্থী অংশ নেবে তা দেখা যাক। অধিকাংশ শিক্ষার্থী যদি অংশ না নেয়, তবে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে এই পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানানো হবে।”
এর আগে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সকাল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা এবং দাবি না মানা হলে সড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছিলেন। গতকাল জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শাহবাগে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। টিয়ারশেল নিক্ষেপ, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় কয়েকজন পরীক্ষার্থী আহত হয়েছেন, যা নিয়ে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে দেশের আট বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে কারিগরি ও পেশাগত ক্যাডারের ক্ষেত্রে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।