দেশে অবৈধ ও চোরাই মোবাইল ফোন নিয়ন্ত্রণে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার কথা ছিল। তবে অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনও তাদের অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি। সেই কারণে সরকার সুবিধার্থে ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ২০২৬-এ এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর আগে দেশের সব মোবাইল ব্যবসায়ীকে ইতিমধ্যে আমদানীকৃত অবিক্রিত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটের তথ্য অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। যেসব ব্যবসায়ী এখনও তাদের তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ করা হয়েছে।
এ অনুযায়ী, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটের IMEI এবং সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে neir@btrc.gov.bd ইমেইল ঠিকানায় ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এবারের সিদ্ধান্ত মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হলেও, ১ জানুয়ারি থেকে NEIR সিস্টেম কার্যকর হবে এবং তখন থেকে সমস্ত অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সক্রিয় হবে না।