সিরাজগঞ্জে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৫৮ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা খরচে পুলিশের চাকরি পাওয়ার এই প্রক্রিয়া ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবারের নিয়োগ কার্যক্রমে অনলাইন আবেদন প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেখানে প্রার্থীদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪ হাজার ৩০০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে ৫১৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০৯ জন। পরবর্তীতে শারীরিক ও মৌখিক পরীক্ষাসহ অন্যান্য ধাপ শেষে চূড়ান্তভাবে ৫৮ জনকে নির্বাচিত করা হয়।
ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় আনন্দঘন ও আবেগময় পরিবেশ। ঘুষ বা কোনো ধরনের তদবির ছাড়াই চাকরি পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।