ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়ে। তবে মিছিলে অংশগ্রহণকারীরা সেই বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হন। এরপর হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেডে বাধাগ্রস্ত হলেও শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যান। পরবর্তীতে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছে পুলিশের তৃতীয় ব্যারিকেডের সামনে এসে মিছিলটি থামে।
এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে এবং যারা এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল, সবাইকে গ্রেপ্তার করতে হবে। তার দাবি, নিষিদ্ধ লীগের নেতাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এবং এর মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সারা দেশে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।
ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর থেকে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে ডাকসুর নেতৃত্বে সচিবালয়ে প্রতিনিধি দলের উপস্থিতি নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।