অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীতে ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে এক সেমিনারে তিনি বলেন, ‘সরকারের কোনো উন্নয়ন যাঁদের চোখে পড়ে না, তাঁরা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল নয়, ভালো দিকগুলোও দেখতে হবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন, যাঁরা শুধু সমালোচনা করেন—এটা নেই, ওটা নেই। কিন্তু ইতিবাচক দিকগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া জরুরি।’
তবে সরকারের ভুল নেই—এমন দাবি করেননি উপদেষ্টা। বলেন, ‘সমালোচনায় আপত্তি নেই। ভুল ধরলে সংশোধনের সুযোগ থাকে।’
অনুষ্ঠানে ২০২৫–২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন সালেহউদ্দিন আহমেদ। জানান, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।