বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এ পরিস্থিতিতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন এক ফেসবুক পোস্টের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে কথা বলেছেন।
তারেক রহমান জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশের সর্বস্তরের মানুষ দোয়া অব্যাহত রেখেছেন। দল-মত-নির্বিশেষে সবাইয়ের দোয়া ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসার সহযোগিতা করার আগ্রহ জানানো হয়েছে।
পোস্টে তারেক রহমান ব্যক্তিগত আবেগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এমন সংকটময় মুহূর্তে একজন সন্তানের মতো তারও মায়ের কাছে থাকার প্রবল ইচ্ছা রয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নেই এবং পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অবস্থা তৈরি হলেই দেশে ফিরবেন তিনি।
শেষে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আরও দোয়া করার আহ্বান জানান।