কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ গ্রামবাংলার অন্যাঞ্চলের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে মাঠে মাঠে আলু তোলার মহোৎসব চলছে।ফসল তোলার পর এসব মাঠে পড়ে থাকা আলু কুড়াতে শিশু-কিশোরের ঢল নেমেছে। কেউবা হালচাষের পিছনে ভোঁ দৌড় দিয়ে,কেউ আবার দল বেঁধে খেলাচ্ছলে আলু সংগ্রহ করে।কেউবা কোদাল, পাশুন,বাইষ দিয়ে মাটি আলগা করে।
এ যেন আবার ফিরে এসেছে শৈশবের সেই চির চেনা আনন্দ। রোদ আর কুয়াশা মাখা ঝলমলে মাঠ, হাসি আর কোলাহলে মুখর পরিবেশ,সব মিলিয়ে যেন শৈশবের এক মৌসুমি উৎসব শুরু হয়েছে। ঝাঁক বেঁধে শিশু-কিশোরদের আলু কুড়ানোর এই প্রাণবন্ত দৃশ্য গ্রামীণ জীবনে বাড়তি রঙ যোগ করছে।প্রতি মৌসুমেের ন্যায় এবারও তারা দল বেঁধে আলু কুড়িয়ে এনে সংসারের বাড়তি আয়ের জোগান দিচ্ছেন। কার থেকে কে বেশি আলু কুড়াতে পারে এ নিয়েও তাদের মাঝে চলে তুমুল প্রতিযোগিতা।
দিনভর এভাবে আলু সংগ্রহ করে কেউবা ৫/১০ কেজি আলু নিয়ে বাড়ি ফিরছেন। এতে দৈনন্দিন ২৫০ থেকে ৫০০ টাকা বাড়তি আয় করে কেউবা কিনছেন শীতের পোশাক,খাতা-কলম, বই ও পছন্দের খাবার। আবার অনেকে সারা বছর সবজির চাহিদা মেটাতে ও অভাবের সময় জীবিক নির্বাহে এ আলু শুকিয়ে সংরক্ষণ করছেন হাঁড়ি-পাতিল, মাচা পদ্ধতিসহ খাটের নিচে পাতানো বালুতে।
স্থানীয় প্রবীণরা জানান,আলু কুড়ানি শুধু প্রয়োজন নয়,এটি গ্রামীণ শৈশবের এক আবেগ।স্কুল শেষে বা ছুটির দিনে দল বেঁধে মাঠে নামা,মাটির গন্ধে ভেজা হাতে আলু কুড়িয়ে ব্যাগে ভরা, এই স্মৃতি আজও বহু মানুষের মনে উচ্ছ্বল রঙে আঁকা। সচেতন মহল জানান,একদিকে আলু কুড়িয়ে অপচয় রোধ হচ্ছে,অপর দিকে মোবাইলের বাইরে এসে শিশুদের এমন আনন্দে মেতে উঠতে দেখা সত্যিই ভালো লাগছে।
এতে তারা প্রকৃতির কাছাকাছি থাকতে শিখছে। এ ধরনের গ্রামীণ কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।খেলাধুলার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদের শৈশবকে আরও প্রাণবন্ত করে তোলে। শৈশবের আলু কুড়ানি তাই শুধু মাঠের কাজ নয়, এ যেন স্মৃতি, আনন্দ আর উৎসবের রঙে রাঙানো এক অনন্য অভিজ্ঞতা।
গ্রামের মানুষের কাছে আলু কুড়ানির এই চিত্র শৈশবের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই বছর ঘুরে মৌসুম এলেই মাঠজুড়ে দেখা যায় শিশুদের উৎসবমুখর উপস্থিতি যেন শৈশবের সরল আনন্দে ভরা এক গ্রামীণ উৎসব। আলু কুড়ানি শিশু-কিশোররা জানান, ঝাঁক বেঁধে আলু কুড়ানোর মজাই আলাদা। পড়াশোনার ফাঁকে এভাবে মাঠে আসতে ভিশন ভালো লাগে।এতে আনন্দও হয় আবার বাড়িতে নিয়ে গেলে সবাই খুশি হয় এবং আলু দিয়ে মুড়িমুড়কি কিনে খাওয়াসহ খাতা-কলম ও শীতের পোষাক কিনি।