শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জালভোট ও প্রকাশ্যে সিল মেরে ভোট প্রক্রিয়া চালানো হয়েছে। এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন। এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলন করেন।
উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট হয়নি। তাই আজ বৃহস্পতিবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।