মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে দেশে ফেরাতে ভারতের কাছে পাঠানো চিঠির এখনও কোনো জবাব পায়নি বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ ধরনের বিষয়ে দ্রুত জবাব আশা করাও যুক্তিসঙ্গত নয়।
তৌহিদ হোসেন বলেন, দিল্লিকে পাঠানো চিঠির উত্তর কখন আসবে, তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ঢাকা তার কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রেখেছে। রায় ঘোষণার আগেও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সেসবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো প্রকার চাপ নেই। পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণই নির্বাচন কমিশনের। এছাড়া ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিজস্ব নীতি ও অবস্থান বজায় রেখেই সব সিদ্ধান্ত গ্রহণ করছে।