মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকিরণের কারণে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি ও ক্ষয়ক্ষতি হতে পারে, তা নির্ধারণে গবেষণা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, বুয়েটের অধ্যাপক কামরুল হাসানের একটি প্রতিবেদনের ভিত্তিতে মোবাইল টাওয়ারের বিকিরণজনিত স্বাস্থ্যঝুঁকি নিরূপণে একটি গবেষণা প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত গবেষণা প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মাধ্যমে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন