দেশের নগর এলাকায় বাড়িওয়ালার ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর প্রবণতা থামাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই নীতিমালার আওতায় এখন থেকে যে কোনো বাসার ভাড়া নির্ধারণ করবে সরকার নির্ধারিত হার অনুযায়ী। অর্থাৎ বাড়িওয়ালারা আর নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবেন না।
সরকারের প্রস্তাবিত এই ভাড়া নিয়ন্ত্রণ নীতিতে প্রতিটি বাসার ধরন, অবস্থান, কক্ষ সংখ্যা, সুবিধা এবং বাজার মূল্য বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হবে। ভাড়া সংক্রান্ত বিরোধ ও হয়রানি কমাতে ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
নতুন নীতিমালা চালু হলে ভাড়াটিয়াদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে এবং বাসাভাড়া বাজারে শৃঙ্খলা আসবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে বাড়িওয়ালাদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হলে বিনিয়োগ কমে যেতে পারে।
সরকার জানিয়েছে, জনস্বার্থে এবং সুষ্ঠু নগর ব্যবস্থাপনার জন্যই এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে এবং শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।