দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রবিবার (৭ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে দাম ৬ টাকা বাড়ানো হয়েছে, যা নতুন করে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকায়।
এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন এই দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে এককভাবে দাম বাড়ানোর ঘটনায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।