বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরী ও দুই যুবকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২৮ জনের মৃত্যু হলো।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান—
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬)
বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫)
একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫)
একই সময়ে বিভাগজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৫ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭৪ জন। এর মধ্যে—
বরিশাল: ১০৪ জন
পটুয়াখালী: ৯৭ জন
পিরোজপুর: ২১ জন
বরগুনা: ১১৭ জন
ঝালকাঠি: ১৮ জন
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন।
এ পর্যন্ত বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরগুনায় ১১ জন এবং পটুয়াখালীতে একজন মারা গেছেন।