বয়সের পার্থক্য থাকা সম্পর্ক নিয়ে সমাজের দ্বিমুখী মানসিকতা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বয়সে কম পুরুষকে ভালোবাসা বা বিয়ে করলে নারীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, অথচ একই পরিস্থিতিতে পুরুষদের ব্যাপারটি স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়, এমনকি প্রশংসাও করা হয়।
আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদ ঘটে মালাইকার। বর্তমানে বলিউডে আলোচনা চলছে তার নতুন সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা, যার সঙ্গে মালাইকার বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর। এই সম্পর্ককে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষ এবং সমালোচনার শিকার হচ্ছেন তিনি।
মালাইকা বলেন, সমাজ আজও নারীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি কঠোর, অথচ পুরুষদের ক্ষেত্রে একই সিদ্ধান্তকে স্বাধীনতা হিসেবে দেখা হয়। তার ভাষায়, পুরুষরা বিচ্ছেদের পর নতুন সম্পর্কে গেলে তা প্রশংসিত হয়, হাঁটুর বয়সী নারীকে বিয়ে করলেও বাহবা মেলে। কিন্তু কোনো নারী বয়সে কম পুরুষকে ভালবাসলে সমালোচনা, প্রশ্ন ও কটাক্ষের ঝড় বইতে থাকে। তিনি মনে করেন, এসব পুরোনো মানসিকতা বদলানোর সময় এসেছে।
বলিউড সূত্র জানায়, গত কয়েক মাস ধরে মালাইকা ও হার্ষ মেহেতা একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে, পাশাপাশি বিদেশ ভ্রমণেও তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্পর্ক নিয়ে জল্পনা তাই বলিউডে আরও গভীর হচ্ছে।