কুমিল্লার দেবিদ্বারে সড়কে যানজট সৃষ্টি ও কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাটের দায়ে দুটি পরিবহন ও এক ড্রেজার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নিউমার্কেট এলাকার মূল সড়কে ফারহানা পরিবহন ও এম এইস ট্রান্সপোর্টের দুটি বাস নির্ধারিত স্থানে পার্কিং না করে যানজট সৃষ্টি করলে, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুপুর ২টার দিকে রাজামেহার ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দ আলী সরকার (৬২) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।